বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৮ পুরুষ ও ৩ নারীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

পুলিশ জানায়, বাগেরহাট সদর থানার পৌরসভার নাগেরবাজারসহ বিভিন্ন এলাকায় জেলা পুলিশ ও ডিবি যৌথভাবে বিশেষ অভিযান চালায়। অভিযানে বিভিন্ন প্রবেশ ও বের হওয়ার পথ ব্লকেড করে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হয়। পাশাপাশি স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কয়েকটি বসতঘরেও তল্লাশি চালানো হয়।

এ সময় মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া গাঁজা (ওজন ২০০ গ্রাম), ৪ লিটার চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজার পতিতালয় এলাকার পলি (৪৫)।

অন্যদিকে, বাগেরহাট সদর থানার খান জাহান আলী (রহ.) এর মাজারসংলগ্ন পুকুরপাড়ে পৃথক অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা। এ সময় ৯০ হাজার টাকার জাল নোটসহ মো. আকলাস ভুইয়া (৫৫), আশিকুর রহমান মোল্লা (২৩) ও মো. শিবলু ফকির (২৪) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা জাল নোটগুলো ১ হাজার টাকা মূল্যমানের।

পুলিশের দাবি, অভিযানে সব মিলিয়ে ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি ও ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।