দেশে কৃত্রিম জ্বালানি সংকটের অজুহাত তুলে বিরোধী দল সাধারণ জনগণকে বিভ্রান্ত করার পাঁয়তারা করছে বলে তীব্র অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৯ আগস্ট) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘‘বিরোধী দল জ্বালানি সংকটের কথা বলে রাজপথে লংমার্চের ডাক দিচ্ছে। অথচ তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতেই আনুমানিক এক লাখ লিটার জ্বালানি তেল খরচ হবে।’’ একদিকে সংকটের গল্প ছড়িয়ে জনগণকে উসকানি দেওয়া, আর অন্যদিকে অঢেল জ্বালানি পুড়িয়ে কর্মসূচি পালন করা, এটিকে তাদের দ্বিমুখী রাজনীতি হিসেবে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সরকার বা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রভাব বিস্তার করা হবে না। এবার কোনো দলীয় প্রতীকে বা দলীয়ভাবে প্রার্থী দেওয়া হবে না; তবে বিগত দিনে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের প্রতি বিএনপির সমর্থন থাকবে।
তিনি আরও হুঁশিয়ারি দেন, নির্বাচন জয়ের সম্ভাবনা থাকলেও বিগত সংকটকালে আন্দোলন-সংগ্রামে যাদের মাঠে পাওয়া যায়নি, তাদের দল কোনোভাবে সমর্থন দেবে না। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের দলীয় প্রভাব বিস্তার না করার বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট অনুশাসন রয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী নিশ্চিত করেন, স্থানীয় সরকারের অধীন পাঁচটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্থানীয় সরকার বিভাগ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। নির্বাচনের বাজেট ও আর্থিক সহযোগিতার জন্য সরকার ইতোমধ্যে প্রস্তুত রয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মীর শাহে আলম চন্দ্রিমা উদ্যানে পৌঁছালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। শ্রদ্ধা নিবেদনের সময় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব এবং উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।