টাঙ্গাইলের বাসাইল উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। এ সময় মোটরসাইকেল নিয়ে এসে ওই ছাত্রীদের উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি। জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক হাতেনাতে আটক করে তাকে। পরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি উত্ত্যক্তের কথা স্বীকার করায় আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। পরে পুলিশি হেফাজতে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ বলেন, “নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।” এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।