লালমাই পাহাড়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

কুমিল্লার লালমাই পাহাড়ে দশম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, বাকি চারজনকে ধরতে অভিযান চলছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) রাতে কোটবাড়ির সাদ্ধের মুড়া এলাকায় ঘটনাটি ঘটে। কিশোরীটি চান্দিনা উপজেলার পাইকটা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, কিশোরীটির সঙ্গে সিয়াম নামের এক যুবকের সম্পর্ক ছিল। শনিবার দুজনে কুমিল্লার ধর্মসাগর পাড়ে বেড়াতে যায়, সেখান থেকে যুবকটি কিশোরীকে লালমাই পাহাড়ের একটি নির্জন স্থানে নিয়ে যায়, যেখানে তার আরও চার সঙ্গী আগে থেকে অপেক্ষা করছিল। অভিযোগ অনুযায়ী, একজন পাহারায় থাকা অবস্থায় বাকি চারজন রাতভর পালাক্রমে কিশোরীটিকে ধর্ষণ করে। ভোরে তারা এলাকা ত্যাগ করার সময় স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে কিশোরীটি ঘটনাটি জানায়। এতে চারজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মো. সাকিব (২০), তিনি চান্দিনা উপজেলার উজিরপুর ইউনিয়নের বাসিন্দা।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান রবিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একজনকে আটক করা হয়েছে এবং কিশোরীটিকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বাকি চারজনকে গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে। মেডিকেল পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর ঘটনার আরও বিস্তারিত তথ্য জানা যাবে।“