বগুড়ার চাঁদা না পেয়ে দোকান ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয়কে কুপিয়ে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় করে অর্ধেক নিহতের সন্তান ও অবশিষ্ট টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার জনাকীর্ণ আদালতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। আদালতের এপিপি মোস্তাফিজার রহমান বকুল এ তথ্য দিয়েছেন।
মৃতদণ্ডপ্রাপ্তরা হলেন, সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, আশিক, শাকিল ও মতিন।
আদালত ও মামলা সূত্র জানায়, গত ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যার দিকে আসামিরা চাঁদার দাবিতে বগুড়া মহানগরীর কৈপাড়া পুকুরপাড় এলাকায় ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান। চাঁদা না পেয়ে তারা দোকানের মধ্যে হৃদয়কে কুপিয়ে আহত করেন। এ সময় হৃদয়ের বাবা মামুনুর রশিদ ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে হৃদয় মারা যান।
এ ব্যাপারে নিহতের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার আলোচিত হত্যা মামলার রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে যাবেন।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট নুরুস সালাম সাগর ও শফিকুল ইসলাম নাফরু।