কেমিক্যালের পরিত্যক্ত ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রি নিহত

জামালপুরের মাদারগঞ্জে পুরাতন কেমিক্যালের ড্রাম কাটার সময় বিস্ফোরণে নূর নবী ফকির (৪৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি নিহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার জোনাইল বাজারে জনতা ব্যাংকের সংলগ্ন এলাকায় নিজের ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর নবী জোনাইল পক্ষীমারী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নূর নবী তার নিজস্ব ওয়ার্কশপে একটি পরিত্যক্ত কেমিক্যালের ড্রাম মেশিন দিয়ে কাটছিলেন। এ সময় ড্রামের ভেতরে জমে থাকা গ্যাসে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ড্রামের ধাতব অংশ ছিটকে এসে তার মাথা ও মুখে গুরুতর আঘাত করে। এতে তিনি মাটিতে পড়ে যান।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে নূর নবীকে উদ্ধার করেন। প্রথমে তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুরের এম এ রশিদ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।“