বান্দরবানের রোয়াংছড়িতে বান্ধবীদের সঙ্গে পিকনিকে গিয়ে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাদিয়া ইসলাম মুমু (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় এ ঘটনা ঘটে। বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান আনসারী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাদিয়া ইসলাম মুমু বান্দরবান শহরের কালাঘাটা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ ও ইয়াসমিন আক্তারের মেয়ে। সে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া কয়েকজন বান্ধবীর সঙ্গে ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদীর পাড়ে পিকনিকে যায়। একপর্যায়ে তারা নদীতে গোসল করতে নামলে সাদিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। পরে নদী থেকে সাদিয়াকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।