র‍্যাব ডিজি: সুন্দরবনের ৫ দস্যু বাহিনীর ৫৯ সদস্যের আত্মসমর্পণ

আত্মসমর্পণ করা সুন্দরবনের ৫৯ দস্যুর কাছ থেকে উদ্ধার হওয়া ৫৯ আগ্নেয়াস্ত্রের মধ্যে চব্বিশের আন্দোলনে পুলিশের কাছ থেকে লুট হওয়া কোনও অস্ত্র নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। 

বুধবার (২ সেপ্টেম্বর) র‍্যাব-৬ এর খুলনার সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিং-এ তিনি এ সব কথা বলেন। এ সময় র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, ‘‘পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে। তাই এ বিষয়ে সকলের সহায়তা প্রয়োজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে। সঠিক তথ্য প্রদানে পুরস্কার রয়েছে। আর তথ্য প্রদানকারীর বিষয়ও গোপন থাকবে।’’ 

‘অপারেশন রি-স্টোর পিস ইন সুন্দরবন’ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখতে র‍্যাবের বিশেষ অভিযান ‘অপারেশন রি-স্টোর পিস ইন সুন্দরবন’-এর আওতায় সক্রিয় ৫টি দস্যু বাহিনীর ৫৯ সদস্য আত্মসমর্পণ করেছেন। অভিযানে গত তিন দিনে সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ৫৯টি অস্ত্র, ৫৪১ রাউন্ড গুলি, ১৪টি খালি কার্তুজ ও সাতটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে চারটি শর্টগান, ৪৭টি ওয়ান শুটারগান, চারটি পাইপগান, তিনটি এয়ারগান ও একটি পয়েন্ট ২২ বোর রাইফেল।’’ 

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘‘দস্যুমুক্ত ও নিরাপদ সুন্দরবন নিশ্চিত করতে গত ২ মার্চ থেকে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। র‍্যাব, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন, নৌ-পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হচ্ছে।’’

আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। 

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা, বনজীবীদের নিরাপত্তা এবং প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।