জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ছাত্র-জনতা।
বুধবার (২ সেপ্টেম্বর) জামালপুর সদর উপজেলার নান্দিনা রেলস্টেশন ও ছেড়ামাকেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন রাজীব বাসকে ঘিরে কথিত সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান। এ সময় তারা “অন্যায়ের বিরুদ্ধে কোনো আপস নয়” এবং “সিন্ডিকেট চলতে দেওয়া হবে না, সিন্ডিকেট ভেঙে দিতে হবে” এসব স্লোগান দেন।
মানববন্ধন শেষে আয়োজকদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নান্দিনা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, “রাজীব বাসের রুট পারমিট বাতিলসহ সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কোনো ধরনের অনিয়ম কিংবা কথিত সিন্ডিকেট মেনে নেওয়া হবে না।“
আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন তারা।