জামালপুরের ইসলামপুরে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার পাথর্শী ইউনিয়নের মুখশিমলা দালাল বাড়ি মোড়ের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে আঃ সালামের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আঃ সালাম ও জাহাঙ্গীর আলমের মুদির দোকান, রাজিব মিয়ার ওষুধ ও বিকাশের দোকান, নয়া মিয়ার চা ও মনোহারী দোকান এবং ইসমাইল হোসেনের পান-সুপারির দোকান পুড়ে যায়।
দোকানগুলোতে বিপুল পরিমাণ মালামাল ছিল। এছাড়া বিকাশের দোকানে থাকা নগদ টাকাও আগুনে পুড়ে যায় বলে ব্যবসায়ীরা জানান। তাদের দাবি, সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের হিসাবে, অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।



