শরীয়তপুর শহরে একটি বহুতল ভবনে থাকা আবাসিক হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে নিচতলার পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও ১টি ব্যক্তিগত গাড়ি পুড়ে গেছে। এ সময় ভবনের ছাদে আশ্রয় নেওয়া ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে শহরের ঢাকা-শরীয়তপুর সড়কের পাশে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়-সংলগ্ন নুর হোটেল ইন্টারন্যাশনালের ছয়তলা ভবনে এ ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে হোটেলের নিচতলার পার্কিংয়ে থাকা একটি ব্যক্তিগত গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে গাড়িটির একটি চাকায় বিস্ফোরণের মতো শব্দ হয়। পরে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হলে আগুন দ্রুত পার্কিং এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধোঁয়া ও আগুন ভবনের ওপরের অংশেও ছড়িয়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় হোটেলের ভেতরে ১৭ জন অবস্থান করছিলেন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় তারা নিচে নামতে না পেরে নিরাপদ আশ্রয়ের জন্য ভবনের ছাদে উঠে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ছাদে থাকা ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
অগ্নিকাণ্ডে পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ভবনের অন্য অংশের ক্ষয়ক্ষতি ও মোট আর্থিক ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক শংকর বিশ্বাস বলেন, “প্রাথমিকভাবে পার্কিং এলাকায় থাকা একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। আগুন লাগার কারণসহ পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
পালং মডেল থানার উপপরিদর্শক সুধাংশু সরকার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভবনে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের উদ্ধারে গিয়ে চার-পাঁচজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”