ঢাকার সাভারে সাত বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় এক শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত ভোররাতে ভোলা, বরিশাল, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাকিবুল হাসান ঈশান।
গ্রেপ্তাররা হলেন- সাভার পূর্ব শাহীবাগ এলাকার মারকাজুল উলুম আশ শরইয়্যাহ মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন, তাহমিদ হাসান রাফি, সাজেদুল ইসলাম সায়েম, মোহাম্মদ বিন মুক্তার ও কামরুল ইসলাম।
পুলিশ জানায়, গত ছয় মাস ধরে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে অভিযুক্ত শিক্ষকসহ বেশ কয়েকজন মিলে শিশুটিকে ধর্ষণ করে আসছিল। পরে এই ঘটনায় ২৬ আগস্ট সাভার মডেল থানায় মামলাদায়ের হয়। ভোর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন এএসপি রাকিবুল হাসান ঈশান।