নারায়ণগঞ্জে আব্দুল মান্নান নামে সদর নৌ থানা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তাকে ক্লোজড করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (৫ সেপ্টেম্বর) আব্দুল মান্নান সদর নৌ থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আব্দুল মান্নান নেশাগ্রস্তের মতো অস্বাভাবিক আচরণ করছেন। কখনো মাটিতে বসে গান গাইছেন, আবার কখনো নাচছেন। কিছুক্ষণ পর তাকে বিলাপ করতেও দেখা যায়। তার অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণ দেখে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
ভিডিওতে উপস্থিত লোকজন তার এমন আচরণের কারণ জানতে চাইলে আব্দুল মান্নান জানান, তার স্ত্রী তাকে মারধর করেছেন। এ কারণে তিনি মদ পান করেছেন বলেও স্বীকার করেন।
তবে এ বিষয়ে ভিন্ন দাবি করেছেন সদর নৌ থানার ওসি রকিবুজ্জামান। তিনি বলেন, ‘‘পারিবারিক কারণে আব্দুল মান্নান মানসিক সমস্যায় ভুগছেন। তার পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।’’
ওসি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরে ওই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়।