হিজড়া ‘গুরুমা’র হত্যার ঘটনায় নতুন তথ্য দিলো পুলিশ

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর মৃত্যুর ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় নতুন তথ্য পাওয়ার কথা জানিয়েছে তারা।

এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরের আমবাগান রেলওয়ে কলোনি-সংলগ্ন হিজড়া কলোনিতে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ মৌসুমীর যেদিন মৃত্যু হয়, সেদিন রাতে তার বাসায় যায় এক অচেনা ব্যক্তি। এরপরই তার মরদেহ পাওয়া যায়। তবে ওই ব্যক্তিকে চিনতে পারেননি হিজড়া সম্প্রদায়ের কেউ। 

ওই ব্যক্তিকে বাসায় ঢুকতে ও বের হতে যেতে দেখা গেছে ফুটেজটিতে। যেহেতু তাকে দরজা খুলে দিয়েছিলেন মৌসুমী নিজেই, তাই তার পরিচিত কেউ হতে পারে বলে ধারণা পুলিশের।

তার গলায় আঘাতের চিহ্ন ছিল বলেও জানিয়েছে পুলিশ। মৃত্যুর পর তার গলায় থাকা স্বর্ণের চেইন, নগদ ৪ লাখ টাকা ও দু’টি মোবাইল ফোন খোয়া যায়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্বর্ণের চেইন, টাকা নেওয়ার জন্যই হত্যা করা হয় তাকে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সংবাদমাধ্যমকে জানান, অচেনা ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তার এবং টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে।