গাইবান্ধায় ইউএনওর ওপর অবৈধভাবে বালু উত্তোলনকারীদের হামলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালাতে গিয়ে বালু উত্তোলনকারীদের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলের এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের লক্ষ্য করে ঢিল ও গাছের ডাল ছোড়া হয়।

পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউএনওসহ অভিযানে থাকা সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর, চকরহিমাপুর, চাঁদপুর, খলসী, বোয়ালিয়া ও সমসপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি মেশিন ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথপুর এলাকায় একটি ড্রেজার মেশিন ধ্বংসের সময় বালু উত্তোলনকারীরা বাঁধের ওপর থেকে ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের লক্ষ্য করে ঢিল ও গাছের ডাল নিক্ষেপ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় ড্রেজার মেশিন ধ্বংসের কাজে থাকা রাজু শেখ নামে এক শ্রমিক আহত হন। পরে হামলার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের উদ্ধার করেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে সংবাদমাধ্যমকর্মীরা প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ড. মো. মনিরুজ্জামান হামলার ঘটনার সত্যতা স্বীকার করলেও বিষয়টি তেমন গুরুতর নয় বলে মন্তব্য করেন। তার ভাষ্য, নৌকা থেকে পা পিছলে একজন আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”