বগুড়ায় ২২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

বগুড়া শহর ও আশপাশের এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ২২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে পিজিসিএল কর্তৃপক্ষ। 

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিজিসিএল-এর আওতাধীন বগুড়া শহর ও তৎসংলগ্ন এলাকার সকল শ্রেণির (শিল্প, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি, বাণিজ্যিক এবং আবাসিক) গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

ফলে বগুড়া শহর ও এর আশপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহকরা এই সাময়িক সংকটের মুখে পড়বেন। সাময়িক গ্যাস বন্ধের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) কর্তৃপক্ষ আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছে।

এদিকে ২২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার ঘোষণায় গ্যাস ব্যবহারকারী আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহকরা চিন্তিত হয়ে পড়েছেন।