নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে
ভুক্তভোগী জানান, প্রায় ১৮ বছর আগে পাশের আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গাবতলী এলাকার আমজাদ হোসেন রাজুর সঙ্গে তার বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের চার মেয়ে সন্তান রয়েছে। গত কয়েক বছর ধরে স্বামী রাজু মাদকাসক্ত হয়ে পড়েছেন।
সংসারের খরচ চালাতে ফুটপাতে সবজি বিক্রি করেন তিনি। বড় মেয়েকে বিয়ে দেওয়ার পর যৌতুকের টাকা দিতে না পারায় জামাই তাকে বাড়ি থেকে বের করে দেন, ফলে সংসারে আর্থিক সংকট আরও বাড়ে। এর মধ্যে মাদকাসক্ত স্বামী প্রায়ই টাকার জন্য তার ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ।
সোমবারও একই কারণে বিরোধের জেরে স্বামী মধ্যযুগীয় কায়দায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তাকে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
ভুক্তভোগীর মা জানান, “মাদকাসক্ত জামাইসহ মেয়ে ও নাতনিদের নিয়ে তিনি নিজের কাছেই রাখেন। কিছুদিন পরপরই এমন নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি, যা সহ্য করা কঠিন হয়ে পড়েছে বলে জানান।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাজু আহমেদ জানান, নির্যাতনের ধরন খুবই ভয়াবহ ও অমানবিক। ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে এবং অভিযুক্ত মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।