Tuesday, September 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুই শিশুর পেটে ৬,৬১৫ ইয়াবা, নারী গ্রেপ্তার

এক্স-রে করতেই বেরিয়ে এলো ভয়ংকর তথ্য

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ এএম

শিশুদের পেটে ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের সময় শারমিন আকতার ওরফে ইসমত আরা নামের এক নারীকে আটক করেছে র‍্যাব। এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকেও হেফাজতে নেওয়া হয়, যাদের পেট থেকে পরবর্তীতে মোট ৬ হাজার ৬১৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের চান্দগাঁও ক্যাম্প মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান র‍্যাব-৭ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. তাওহিদুল ইসলাম।

তিনি জানান, শিশুদের পেটে করে নতুন কৌশলে ইয়াবা পাচারের তথ্য পেয়ে গত শনিবার অভিযান চালায় র‍্যাব। আনোয়ারার তৈলার দ্বীপ সেতুসংলগ্ন গরুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়, যেখানে যাত্রী আসনে থাকা অবস্থায় আটক করা হয় শারমিন আকতারকে। তার সঙ্গে থাকা দুই শিশুকেও তখন হেফাজতে নেয় র‍্যাব।

জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন যে শিশু দুটির পেটের ভেতরেই রয়েছে ইয়াবা। এরপর রবিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এক্স-রে করা হলে শিশু দুটির পেটে ইয়াবাসদৃশ বস্তুর অস্তিত্ব নিশ্চিত হয়।

কোম্পানি কমান্ডার জানান, চিকিৎসার একপর্যায়ে ৬ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে মলত্যাগের মাধ্যমে ৯ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৭টি এবং ১২ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৬টি প্যাকেট বের করা হয়। এসব প্যাকেটে মোট ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাওয়া যায়।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে শারমিন দাবি করেন, কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা সংগ্রহ করে কৌশলে শিশু দুটিকে খাইয়ে চট্টগ্রামে পাচার করছিলেন তিনি। এর আগেও একই পদ্ধতিতে দুইবার শিশু দুটির মাধ্যমে চট্টগ্রামে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার তথ্য স্বীকার করেন তিনি।

পরবর্তীতে আনোয়ারা থানার মামলায় শারমিন আকতারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

   

About

Popular Links

x