Tuesday, September 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে আটক

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পিএম

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল মোস্তাইন বিল্লাহ ও কনস্টেবল নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ বর্তমানে সাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত থাকলেও এর আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর পদে কর্মরত।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫৬ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করে পুলিশ।

পুলিশের একটি সূত্রের দাবি অনুযায়ী, মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি দোকানে বসে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে মোস্তাইন বিল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে তা বিক্রির অভিযোগও উঠে আসে।

গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ সূত্র আরও জানায়, সার্কিট হাউস মোড় থেকে কাঁচাবাজার পার হয়ে একটি চা ও ক্যারাম খেলার দোকানে বসে মাদক বিক্রির অভিযোগ রয়েছে মোস্তাইন বিল্লাহর বিরুদ্ধে, আর এ কাজে তাকে সহযোগিতা করতেন ওই দোকানের মালিক তাইফুর এমনটাই উল্লেখ রয়েছে প্রতিবেদনে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর সোমবার তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়, যাতে মাদক উদ্ধারের পর তাদের আটক করা সম্ভব হয়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

   

About

Popular Links

x