রাজধানীর সবুজবাগে ছুরিকাঘাতে খুন হওয়া কাতারপ্রবাসী সিফাত উল্লাহর (২৭) হত্যাকাণ্ডে প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার দুজন হলেন আল আমিন হোসেন (২৭) ও মো. সাজিদুল ইসলাম সাজিদ (২৪)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটা ও ভোর পাঁচটার দিকে খিলগাঁও থানার দুটি ভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাবের তথ্য অনুযায়ী, প্রায় দেড় মাস আগে কাতার থেকে দেশে ফেরেন সিফাত। এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে ওই একই তরুণীর সঙ্গে চার বছরের বেশি সময় ধরে সম্পর্ক ছিল সাজিদেরও যা সিফাত জানতেন না। গত ২৫ আগস্ট তরুণীর জন্মদিনের অনুষ্ঠানে সিফাতের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি জানতে পারেন সাজিদ, এরপরই তরুণীর সঙ্গে তার সম্পর্কে ভাঙন ধরে বলে জানিয়েছে র্যাব।
অন্যদিকে একই বিদ্যালয়ে পড়াশোনার সূত্রে ওই তরুণীর সঙ্গে পরিচয় ছিল আল আমিনের, যিনি এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত বলে জানিয়েছে র্যাব। তিনি প্রায়ই বন্ধুদের নিয়ে তরুণীর বাসায় গিয়ে মাদক সেবন করতেন। বিষয়টি জানার পর সিফাত তাদের ওই বাসায় যেতে নিষেধ করেছিলেন, যা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল বলে জানায় র্যাব।
গত রবিবার দুপুর তিনটার দিকে মাদারটেকের বরইতলা এলাকায় তরুণীর ভাড়া বাসায় দেখা করতে যান সিফাত। তার আসার খবর পেয়ে আল আমিনের সহযোগী ইয়াছিন, অনিক, তুহিন, রাজুসহ আরও কয়েকজন সেই বাসায় হাজির হন, আল আমিন তখন ভবনের নিচেই অবস্থান করছিলেন।
র্যাব জানায়, সহযোগীরা বাসায় ঢুকলে সিফাতের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়, এতে ইয়াছিন ও রাজু আহত হন। পরে সবাই নিচে নেমে এলে সিফাতও তাদের পেছনে নেমে মোটরসাইকেলে করে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে লক্ষ্য করে ইট ছোড়া হলে তিনি মাটিতে পড়ে যান, এরপর আল আমিন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন বলে জানিয়েছে র্যাব। এরপর সবাই মিলে ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান এবং তার মোটরসাইকেলটিও ভাঙচুর করেন।
স্থানীয়রা গুরুতর আহত সিফাতকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ জরুরি বিভাগে নেওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার প্রায় ১১ ঘণ্টার মধ্যেই সোমবার দিবাগত রাত দুইটার দিকে খিলগাঁওয়ের হাজীবাড়ি বালুরপাড় এলাকা থেকে সাজিদকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর পাঁচটার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গা বাজার এলাকা থেকে প্রধান আসামি আল আমিনকেও গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।



