চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ডিসি হিল এলাকায় গাড়িচাপায় অন্তঃসত্ত্বা একটি কুকুরের মৃত্যুর ঘটনায় করা মামলার এক নম্বর আসামি বাবলা দাশকে জামিন দিয়েছেন আদালত।
রবিবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বাবলা দাশ। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী নাজবীন সুলতানা জেনি বলেন, ‘‘মামলার এক নম্বর আসামি বাবলা দাশ রবিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে জামিন দিয়েছেন।’’
তিনি বলেন, ‘‘মামলায় ডিসি হিলের মূল ফটক দিয়ে বের হওয়া পিকআপ ভ্যানের চালক ও একজন নিরাপত্তাকর্মীকে আসামি করা হয়েছিল। তবে এজাহারে তাদের নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি। সম্প্রতি আদালতে দেওয়া মামলার চার্জশিটে বাবলা দাশকে আসামি রাখা হলেও নিরাপত্তাকর্মীকে ‘নট সেন্ট আপ’ করা হয়েছে।’’
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ ডিসেম্বর রাত ১১টার পর ডিসি হিলের মূল ফটক দিয়ে একটি সাদা রঙের পিকআপ ভ্যান বের হচ্ছিল। এ সময় ফটকের সামনে একটি অন্তঃসত্ত্বা পথকুকুর বসে ছিল। গাড়িটি থামানো কিংবা কুকুরটিকে সরানোর কোনও উদ্যোগ না নিয়ে পিকআপ ভ্যানটি কুকুরটির ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই কুকুরটির মৃত্যু হয়।
ঘটনাটি ডিসি হিলের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে প্রায় এক মিনিট তিন সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, ডিসি হিলের মূল ফটক দিয়ে বের হওয়ার সময় পিকআপ ভ্যানটি ধীরগতিতে এগিয়ে এসে ফটকের সামনে থাকা কুকুরটির ওপর দিয়ে চলে যায়। গাড়িটি চলে যাওয়ার পর কুকুরটি ছটফট করতে থাকে। এ সময় আরও দুটি কুকুর সেখানে ছুটে আসে।
এ ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর পরিবেশকর্মী তোফায়েল আহমেদ আদালতে মামলা করার আবেদন করেন। বাদীর বক্তব্য গ্রহণ শেষে আদালত কোতোয়ালী থানা-পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার এবং আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন আইন এবং পশু হত্যার অভিযোগে দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলাটি করা হয়।



