Sunday, September 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

তারকাদের বদলে চীনের বিলবোর্ডে বিজ্ঞানীদের ছবি, নেপথ্যে কী

তা দ্রুতই হেনান, আনহুই এবং জিয়াংসি-সহ দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

শহরের ব্যস্ত সড়ক, বাণিজ্যিক এলাকা ও মেট্রো স্টেশনের ডিজিটাল বিলবোর্ডে সাধারণ দেখা যায় বিনোদন জগতের তারকা কিংবা নামীদামি ব্র্যান্ডের বিজ্ঞাপন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে চীনের প্রধান শহরগুলোতে দেখা মিলছে ভিন্ন এক দৃশ্যের। দেশটির জনবহুল এলাকা ও ডিজিটাল স্ক্রিনগুলোতে এবার স্থান করে নিয়েছেন দেশের খ্যাতিমান বিজ্ঞানী ও গবেষকগণ।

মূলত তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার প্রতি উৎসাহিত করতেই চীন জুড়ে এই ব্যতিক্রমী প্রচারণা শুরু করা হয়েছে বলে জানা গেছে।

চীনের হেনান প্রদেশের ঝেংঝৌ শহরের একটি মেট্রো স্টেশনে স্থান পেয়েছে দেশটির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রদূত ছিয়েন শুয়েসেন এবং পরমাণু বিজ্ঞানী দেং চিয়াসিয়েনের বিশাল পোস্টার। একই সঙ্গে চীনের বিভিন্ন শহরের প্রধান জনপরিসরে প্রদর্শিত হচ্ছে সংকর ধান প্রযুক্তির জনক ইউয়ান লংপিং এবং আর্টেমিসিনিন আবিষ্কারের জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ী বিজ্ঞানী তু ইউইউয়ের ছবি ও বিজ্ঞানচর্চায় তাদের অসামান্য অবদানের তথ্য।

জানা গেছে, বাণিজ্যিক বা বিনোদন জগতের বাইরে গিয়ে বিজ্ঞানীদের এভাবে জনসম্মুখে প্রচারের প্রাথমিক উদ্যোগটি চীনের শানডং প্রদেশ থেকে শুরু হয়। পরবর্তীতে তা দ্রুতই হেনান, আনহুই, ইনার মঙ্গোলিয়া এবং জিয়াংসি-সহ দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিজ্ঞানীদের জাতীয় অবদান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের জাতীয় ‘রোল মডেল’ হিসেবে প্রতিষ্ঠিত করা। বিশেষ করে পপ কালচার ও বিনোদন জগতের তারকাদের পাশাপাশি তরুণ সমাজ যাতে দেশের সেরা বিজ্ঞানী ও গবেষকদের আদর্শ হিসেবে বেছে নেয়, সেই ভাবনাই এ উদ্যোগের পেছনে রয়েছে।

চীনে গবেষক ও বিজ্ঞানীদের প্রতি সম্মান প্রদর্শনের দীর্ঘদিনের সংস্কৃতি থাকলেও, বাণিজ্যিক ও অত্যন্ত ব্যয়বহুল বিলবোর্ডগুলোতে তাদের এভাবে ফুটিয়ে তোলার ঘটনাকে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ ইতিবাচক ও ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে বৈশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যমে এই পদক্ষেপ ব্যাপক প্রশংসিত ও আলোচনার জন্ম দিয়েছে।

   

About

Popular Links

x