ব্রাহ্মণবাড়িয়ায় মাছ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে কারচুপি করার দায়ে আপেল মাহমুদ নামে এক মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সংস্থাটির ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের আনন্দ বাজারের মাছের আড়তে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

উপপরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযান পরিচালনাকালে দেখা যায় আপেল মাহমুদ নামে একজন ইলিশ মাছ বিক্রেতা তার কাছে থাকা ওজন পরিমাপক যন্ত্রটিতে বিশেষ ব্যবস্থায় কারচুপির মাধ্যমে ক্রেতাদের অলক্ষ্যে অত্যন্ত কৌশলে ওজনে কম দিচ্ছিলেন। ওজন পরিমাপক যন্ত্রের ভেতর মেশিনের সঙ্গে রাবার ও রশি দিয়ে সংযুক্ত করে অপরপ্রান্ত গামছার আড়ালে বিক্রেতার হাতের কাছে থাকত। এ অবস্থায় বিক্রেতা রশিটি টান ও ঢিল করার মাধ্যমে খুব সহজে ইচ্ছামতো ওজন নিয়ন্ত্রণ করতেন।

তিনি আরও জানান, পরে মাছ বিক্রেতা আপেল মাহমুদ তার দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আপেল মাহমুদ ভবিষ্যতে এ রকম কারচুপি করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।