কুমিল্লায় ছিনতাই করে ফেরার পথে ডিবির ধাওয়া, ফোনসহ গ্রেপ্তার ৫

কুমিল্লার পুরাতন বিমানবন্দর এলাকার বাণিজ্য মেলায় এক যুবকের মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ ছয়টি মোবাইল, তিনটি ছুরি একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ঘটনা ঘটে। পরে শনিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র বিষয়টি জানায়। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পুরাতন বিমানবন্দর এলাকার বাণিজ্য মেলায় এক যুবকের মোবাইল ফোন ছিনতাই করে পাঁচজনের একটি চক্র। বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশ তাদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার ধাওয়ার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের আরিফুল ইসলাম রাকিব (২৪), ইকরাম হোসেন সাকিব (২৪), চকবাজার কাশারিপট্টির মো. রাকিব (২২), মো. তামিম (১৯) এবং সদর উপজেলার নূরপুর এলাকার মো. হৃদয় (২১)

ডিবির ওসি শামসুল আলম শাহ বলেন, “গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত তিনটি ছুরি একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে একটি ২৫ দিন আগে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ছিনতাই হওয়া লালমাই সরকারি কলেজের অধ্যক্ষের বলে শনাক্ত করা হয়েছে। বাকি মোবাইলগুলোর মালিকানা শনাক্তের কাজ চলছে।“

এদিকে একই দিন মাদক সেবনের অভিযোগে আরও ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর কুমিল্লা নগরীতে পৃথক অভিযান চালিয়ে ১০ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ।