পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতার মরদেহ ২ দিন পর উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের সঙ্গে নৌকার ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজের দুই দিন পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা থেকে ভেড়ামারা এলাকায় নৌকা ভ্রমণের সময় এ দুর্ঘটনা ঘটে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাদাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা থেকে প্রায় ১২০ জন একটি নৌকায় করে নৌভ্রমণে বের হন। তারা ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকা ঘুরে রাতে ফিরছিলেন। রাত ৮টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পৌঁছালে পদ্মা নদীর তীব্র স্রোতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ৪ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে নৌকায় থাকা তিনজন নদীতে ছিটকে পড়েন।

পরে অভিযান চালিয়ে লিটন ও ওহাব নামে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও রাকিবুজ্জামান রকি নিখোঁজ হন। এর দুইদিন পর রবিবার রকির মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর নৌকাটি পদ্মা নদীর বাহিরচর অংশের পুরোনো ফেরিঘাট এলাকায় গিয়ে অবস্থান নেয়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, “মরদেহ নদীতে ভেসে উঠলে রবিবার বেলা পৌনে ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাদাপুর এলাকা থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়।”