আবারও লংমার্চ করার ঘোষণা দিলো ১১ দলীয় ঐক্য

ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত করে এবার সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে চলমান বিভিন্ন সংকট ও জনদুর্ভোগের প্রতিবাদে সাত দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে নতুন করে দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবিও যুক্ত করা হয়েছে।

হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, তেল সংকটের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি সংকটের প্রভাবে ইতোমধ্যে প্রায় ১ হাজার ২০০ বেকারি বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, দেশে সারসংকট দেখা দেওয়ায় খাদ্যশস্য উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে কৃষি ও খাদ্য উৎপাদন খাত বড় ধরনের সমস্যার মুখে পড়ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তার দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রশাসন ও গোয়েন্দা বাহিনীর ব্যর্থতার কারণেই গুলশানে আওয়ামী লীগ মিছিল করার সাহস পেয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগ তুলে হামিদুর রহমান আজাদ বলেন, এর ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, এসব সংকটের প্রতিবাদ এবং সাত দফা দাবি আদায়ে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ অনুষ্ঠিত হবে।