ইতালিতে হামলা নিয়ে দেশে ফিরেই যা বললেন বাঁধন

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরেছেন। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ইতালিতে যে ঘটনা ঘটেছে, সেটা আসলে দুঃখজনক। এতে কিন্তু বিদেশের মাটিতে আমাদের নাম ক্ষুণ্ন হলো।”

হামলাকারীদের উদ্দেশে বাঁধন বলেন, “তারা আমার গায়ে হাত তুলেছে। আমার মনে হয়, এটা করে আক্রমণকারীরা নিজেদের অনিরাপদ করছে।” 

তিনি আরও বলেন, “আপনারা দলকে ভালোবেসে এমন করছেন; কিন্তু আপনাদের পরিবার যখন কষ্ট করবে, দলের নেতারা কিন্তু এটা দেখবে না।”

হামলার পর সরকারী সহযোগিতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাংলাদেশ সরকারের কাছে, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। ঘটনার দিন রাতেই সরকারি দপ্তর থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে।”

ইতালি সরকার ও দেশটির পুলিশ ডিপার্টমেন্ট প্রতিদিন ২৪ ঘণ্টা তাকে নিরাপত্তা দিয়েছে বলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

দেশের মানুষ, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বিরোধী ও সরকারি দলের নেতাকর্মী এবং প্রবাসী বাঙালিদের কথা উল্লেখ করেন বলেন, “তাদের কথা আমি কখনো ভুলতে পারব না।”

যদিও নিজের সহকর্মীদের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি বলেও আক্ষেপ করেন তিনি।

তিনি বলেন, “আমার যে টিম, তারা আমাকে ডিজওন (disown) করেছে। ফেস্টিভ্যালের বাকি দিনগুলোতে তাদের সাথে অ্যাটেন্ড করতে নিষেধ করেছে।” 

“এমনকি পরবর্তীতে টরন্টো ফিল্ম ফেস্টিভালে যাওয়ার কথা থাকলেও তারা আমাকে সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছে।”

এর আগে, গত ৭ সেপ্টেম্বর ইতালির মেস্ত্রে শহরে  ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ তোলেন বাঁধন। গত ৮ সেপ্টেম্বর ওই হামলা বিষয়ে মামলা দায়ের করেন অভিনেত্রী।