Saturday, August 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করলেন যারা 

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নৃশংস ও মর্মস্পর্শী অধ্যায়  

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিন বাংলাদেশের ইতিহাসের এক নৃশংস ও মর্মস্পর্শী অধ্যায়। 

১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পরিবারের বেশিরভাগ সদস্যও সেদিনের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। 

এর আগে, প্রতিবছরই এই দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। শোক র‌্যালি, দোয়া, মিলাদ, কাঙালিভোজ ও প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হতো। 

সরকারি উদ্যোগেও নানা কর্মসূচির আয়োজন করা হতো। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দিবসটি আগের মতো আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে না। 

প্রতিবারের মতো এবারও দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি-ভিডিও পোস্ট করে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন দেশের বেশ কয়েকজন তারকা, লেখক ও বিশিষ্টজন। 

অভিনেত্রী জয়া আহসান শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্যের সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‌‌‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-শ্রদ্ধা ও শোকে স্মরণ।’’ 

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বঙ্গবন্ধুর একটি গ্রাফিক্স ফেসবুকে পোস্ট করেছেন। গ্রাফিক্স-এ লেখা ছিল- ‘‘মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল প্রয়াত সদস্যের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা।’’ 

লেখক ও সাংবাদিক আনিসুল হক ফেসবুকে কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা পোস্ট করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক জোবাইদা নাসরীন বঙ্গবন্ধুর প্রতিকৃতি পোস্ট করে লিখেছেন, ‘‘এদেশের সকল মানুষই জানেন আপনার নেতৃত্বেই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল। তাইতো এখনও কয়েক দফা জ্বালিয়ে দেয়ার পর  ধ্বংসস্তুপে পরিণত হওয়া ৩২ নম্বর বাড়িটিকে পাহারা দিতে হয়। গতকালও দেখলাম কাউকেই যেতে দিচ্ছেনা। কেন এত ভয় এই বত্রিশ নম্বর নিয়ে? কারণ ওটা শুধু আপনার বাড়ি নয়, এই বাড়িটি নানা কারণেই বাংলাদেশের ইতিহাসের অংশ। আপনাকে হত‍্যা করা হয়েছে ৫১ বছর আগে এই বাড়িটিতেই। বিনম্র শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’’ 

অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ফেসবুকে বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘‘বাংলাদেশ...’’। 

রাজনীতিবিদ রুহিন হোসেন প্রিন্স ফেসবুকে বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘১৯৭৫ এর ১৫ আগস্ট রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিক্রিয়াশীল ক্যু সংগঠিত হয়। এই রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দিয়ে দেশে প্রতিক্রিয়ার ধারা নিরঙ্কুশ করার প্রক্রিয়া শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ৫১তম বার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করি।’’ 

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। 

এছাড়াও জনপ্রিয় অভিনেতা, কণ্ঠশিল্পী, শিক্ষক, লেখক, সাংবাদিক, বিশিষ্টজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ আগস্ট উপলক্ষে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। 

   

About

Popular Links

x