গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর পরী রানী হাজরা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের বেদভিটা গ্রামের নিজ বাড়ির পাশের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে মৃণাল হাজরা জানান, গত শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে তার মা নিখোঁজ ছিলেন। সোমবার সকালে বাড়ির সামনের রাস্তার পাশের পাটক্ষেত থেকে দুর্গন্ধ আসতে থাকে। পরে গন্ধের উৎস অনুসরণ করে সেখানে গিয়ে তিনি মায়ের মরদেহ দেখতে পান।

মৃণাল হাজরার অভিযোগ, তার মায়ের কান ও নাকের স্বর্ণালংকার নিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ পাটক্ষেতে ফেলে রেখে গেছে বলে তাদের সন্দেহ। তবে এ বিষয়ে পুলিশ এখনো হত্যার বিষয়টি নিশ্চিত করেনি।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।“

তিনি আরও বলেন, “ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“