৭ দিনের ব্যবধানে ঢাকা মেডিকেলে ৫ কারাবন্দির মৃত্যু

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা এক কারাবন্দিকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা।

মৃত ওই বন্দির নাম মো. রফিকুল ইসলাম (৫৪)। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে। তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারা কর্তৃপক্ষের ভাষ্যমতে, রফিকুল কারাগারে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ অবস্থায় আজ সকালে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, তাকে জরুরি বিভাগে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৭ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আলী আকবর মণ্ডল (৬৭) নামের আরেক কারাবন্দির মৃত্যু হয়। তিনিও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। এর একদিন আগে, ৬ সেপ্টেম্বর সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে একই হাসপাতালে তিনজন কারাবন্দির মৃত্যু হয়েছিল। তাদেরও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে আনা হয়েছিল। তারা হলেন আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ুম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)।

এ নিয়ে গত কয়েক দিনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে আনা বন্দিদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে।