ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রিপেইড মিটার রিচার্জ হঠাৎ করে সোমবার বন্ধ হয়ে যায়। সার্ভারে ত্রুটির কারণে খুলনা ও বরিশাল বিভাগ এবং ফরিদপুরসহ ২১ জেলায় প্রিপেইড মিটার রিচার্জ করতে পারেননি গ্রাহকরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে দীর্ঘ ১৭ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওজোপাডিকোর প্রিপেইড মিটার রিচার্জ পুনরায় চালু হয়েছে।
ওজোপাডিকোর সহকারী ব্যবস্থাপক জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১টা ১৫ মিনিটে প্রিপেইড মিটারিং সিস্টেমের ডেটাবেস সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ভেন্ডিং কার্যক্রম সাময়িকভাবে (মিটার রিচার্জিং) বন্ধ হয়ে যায়। সংযোগ পুনঃস্থাপনের লক্ষ্যে ওজোপাডিকোর প্রিপেইড মিটারিং দপ্তরের কারিগরি বিশেষজ্ঞ দলের নিরলস চেষ্টায় মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে প্রিপেইড সিস্টেমের ভেন্ডিং কার্যক্রম পুরোদমে কার্যকর হয়।
এদিকে, ওজোপাডিকোর বিভিন্ন অঞ্চলে ভেন্ডিং প্রক্রিয়া সম্পন্ন করতে প্রিপেইড মিটার গ্রাহকেরা যে প্রতিবন্ধকতা ও অসুবিধার সম্মুখীন হয়েছেন, সে জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে এক বিজ্ঞপ্তিতে দুঃখপ্রকাশ করেছে।
ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।