সাতক্ষীরার শ্যামনগরে বাসচাপায় শুভঙ্কর মণ্ডল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পথেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনারমোড় এলাকায় শ্যামনগর-বংশীপুর সংযোগ সড়কে লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভঙ্কর খুলনার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা। তিনি রামপাল বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন।
নিহতের স্বজন হরিপদ মণ্ডল জানান, শ্যামনগরের মথুরাপুর গ্রামের নিপা মণ্ডলের সঙ্গে সম্প্রতি শুভঙ্করের বিয়ে ঠিক হয়েছিল। তবে পরিবারের এক সদস্যের আকস্মিক মৃত্যুতে বিয়ের তারিখ পিছিয়ে যায়। এর মধ্যেই নিপার সঙ্গে দেখা করতে শ্যামনগরে আসেন শুভঙ্কর। পথেই বাসচাপায় তার মৃত্যু হয়। খবর পেয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন নিপা; পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে যান। তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে, পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।“