জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য, মুঠোফোনের অবস্থান ও কলের বিস্তারিত তথ্য অর্থের বিনিময়ে সরবরাহের অভিযোগে সেতু হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে রাজশাহী নগরীর রাজপাড়া থানার মাহিষবাথান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাবের দাবি, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ পুলিশের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) সার্ভারে বেআইনিভাবে প্রবেশ করতেন সেতু। সেখান থেকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে নিজের কাজে ব্যবহার এবং অর্থের বিনিময়ে অন্যদের কাছে সরবরাহ করতেন তিনি।
সোমবার ভোর ৫টার দিকে রাজশাহীর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের সিপিএসসি ও সিপিসি-৩, জয়পুরহাটের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
র্যাবের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ছয়টি সিপিইউ, চারটি ল্যাপটপ, ১০টি মুঠোফোন ও ৩১টি সিম কার্ড জব্দ করা হয়েছে। এসব ডিভাইস ব্যবহার করে সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হতো বলে দাবি করেছে সংস্থাটি।
র্যাব জানায়, বিভিন্ন মুঠোফোন সিমের এনআইডি-সংক্রান্ত তথ্য, বিকাশ ও নগদে নিবন্ধনের তথ্য, মুঠোফোনের অবস্থান, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং খুদে বার্তার (এসএমএস) তালিকা সংগ্রহ করা হতো। পরে এসব তথ্য বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করার অভিযোগ রয়েছে।
এ ছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেতু হোসেন তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি সংস্থাটির।
গ্রেপ্তারের পর সেতু হোসেনকে রাজশাহী নগরের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।