২ মেট্রো স্টেশন এলাকায় অভিযান, অবৈধ দোকানপাট উচ্ছেদ

রাজধানীর কাওরানবাজার ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমটিসিএল।

সংস্থাটি বলছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কাওরানবাজার ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান চালানো হয়। 

সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক ও মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযানটিতে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট সবাইকে ফুটপাত দখলমুক্ত রাখা এবং মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয় বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল জানিয়েছে, অভিযানের ফলে ওই দুই স্টেশন এলাকা অবৈধ দখলমুক্ত হয়েছে এবং মেট্রোরেলের যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের পরিবেশ নিশ্চিত হয়েছে।

এ অভিযানে ডিএমটিসিএল এর সঙ্গে অংশ নেয়  এমআরটি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।