আসিফ মাহমুদের ব্যাংক হিসাব-সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ও অর্থপাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর অংশ হিসেবে আসিফ মাহমুদসহ তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশ-বিদেশের ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য চেয়েছে দুদক। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠায় সংস্থাটি। 

বিএফআইইউতে দেওয়া ওই চিঠিতে বলা হয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, শেল কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করছে দুদক। 

এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তার নেতৃত্বে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, প্রয়োজনে সেখানে তথ্য চেয়ে চিঠি দেওয়া হবে বলে জানান দুদক সচিব সাইদুর রহমান খান। 

সেসময় তিনি আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলেও জানান।