সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্বকালে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত তথ্য ও নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩৮ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে চলতি দায়িত্ব দেওয়া, পরবর্তী সময়ে তা বাতিল এবং বদলির সঙ্গে সংশ্লিষ্ট নথিও চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে এসব তথ্য ও নথি চেয়েছে দুদক।
দুদক সচিব মো. সাইদুর রহমান খান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “এটি অনুসন্ধান পর্যায়ে। অনুসন্ধানের জন্য আমরা বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছি।”
আসিফ মাহমুদ ছাড়া অভিযোগের অনুসন্ধানে থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের নেতা মো. জাহিদ কালামের সই করা চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চাওয়া তথ্য ও নথি কমিশনে পাঠাতে বলা হয়েছে।
এর আগে বুধবার আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক।
পরে বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে অভিযোগসংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের জন্য দুদককে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।



