Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি’

চাকরিতে যোগ দিয়ে বললেন দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

সাড়ে চার বছর আগে চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার হওয়ার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে পুনরায় যোগ দিয়েছেন আলোচিত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। চাকরিতে যোগ দিয়ে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, “আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি।”

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানী সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসে তিনি চাকরিতে যোগদান করেন। এরপর সংবাদমাধ্যমের কাছে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

যোগদানের পর মো. শরীফ উদ্দিন বলেন, “এ জন্য কমিশন ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আদালত, গণমাধ্যম ও দুদকের সব কর্মকর্তা-কর্মচারীসহ আমার দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

এর আগে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে তার অপসারণের আদেশ প্রত্যাহার করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিধি অনুসারে শরীফ উদ্দিন তার জ্যেষ্ঠতা এবং সব বকেয়া বেতন-ভাতা প্রাপ্য হবেন।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি অনুযায়ী পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা হয়েছিল।

এর আগে ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলি হওয়ার আগে তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সে সময় চট্টগ্রাম অঞ্চলে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর ঘটনা অনুসন্ধান করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনকালে প্রাণনাশের হুমকি পেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত করেছিলেন। তার এই আকস্মিক চাকরিচ্যুতি দেশজুড়ে ব্যাপক আলোচনা এবং দুদকের প্রধান কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধনের মতো বিরল ঘটনার জন্ম দিয়েছিল।

চাকরিচ্যুত হওয়ার পর কোনো কারণ দর্শানো ছাড়া অপসারণসংক্রান্ত ৫৪(২) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে এবং পুনর্বহালের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। প্রাথমিক শুনানি শেষে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন এবং দীর্ঘ শুনানি শেষে গত বছরের ৯ জুলাই শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশটি অবৈধ ও বাতিল ঘোষণা করেন। আদালত তাঁকে জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

পরবর্তীতে দুদকের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হলেও সংস্থাটি তা প্রত্যাহার করে নেয়। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত সেই আবেদন মঞ্জুর করায় তাঁর চাকরিতে ফেরার আইনি বাধা সম্পূর্ণরূপে দূর হয়।

   

About

Popular Links

x