টাঙ্গাইল মেডিকেলের জরুরি বিভাগে তালা

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে জরুরি বিভাগে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইন্টার্ন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে তালা দেওয়া হয়।

পরবর্তীতে হাসপাতালের সামনে থেকে ইন্টার্ন চিকিৎসকদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের প্রধান ফটকের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন—ইন্টার্ন চিকিৎসক শাহরিয়ার রহমান, তাসনিম হোসাইন, আল শাহরিয়ার সাগর, নাজমুল হাসান সরকার প্রমুখ।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, সকালে হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। পরবর্তীতে একজন ইন্টার্ন চিকিৎসকের উপর রোগীর স্বজনরা হামলা করে। তাকে মারধর করা হয়। অভিযুক্তকে ধরার জন্য প্রশাসনের কাছে গিয়েও যথাযথ প্রতিকার পাইনি। এ কারণে আমরা জরুরি বিভাগে তালা দিয়ে বিক্ষোভ করেছি। যদি শুক্রবারের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হয়, আগামী শনিবার থেকে আউটডোর সেবা বন্ধ করে দেবো।

পরবর্তীতে সংশ্লিষ্টদের আশ্বাসে সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন তুলে নেন।

এ ব্যাপারে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুছ বলেন, “যারা অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ রোগীদের আমরা তো কোনো ভোগান্তিতে ফেলাতে পারি না। ইন্টার্নরা সাময়িকভাবে তালা দিয়েছিলো, বর্তমানে সব স্বাভাবিক রয়েছে।”