টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক নারীর বিরুদ্ধে তার তিন বছর বয়সী শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ওই নারী ঘরে থাকা ধারালো একটি ছুরি দিয়ে তার দুই সন্তানকে এলোপাতাড়িভাবে আঘাত করেন।
শিশু দু’টির আর্তচিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।
পরে পরিবারের সদস্যরা দ্রুত দুই শিশুকে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে (৯) গুরুতর আহতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”



