নাইক্ষ্যংছড়িতে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা, আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠান থেকে জাফর আলম বাবুল (৪৬) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অংথোয়াই চিং মারমা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের চাদুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাফর আলম বাবুল বাইশারী ইউনিয়নের তিতারপাড়া এলাকার বাসিন্দা এবং কাঠ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, চাদুপাড়ায় ধুংচাই মেম্বারের একটি পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠানে জাফর আলম বাবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাইশারী তদন্তকেন্দ্রের এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।”