ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে একটি বগি পুড়ে গেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
রাত ৯টা ৩৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৯টা ৪৬ মিনিটে তারা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজার স্টেশনের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গণমাধ্যম শাখার কর্মকর্তা আবু তালহা বিন জসিম জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। আগুন নিভে গেছে; এখন শুধু ধোঁয়া আছে।
তবে, আগুন কীভাবে লেগেছে, নাকি এটি নাশকতার ঘটনা- তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আগুন লেগেছে। তবে কীভাবে বা কারা লাগিয়েছে, সেটা এখনই বলা যাচ্ছে না।”