গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে প্রায় ৪২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরে থাকা সকল আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার বানিয়াচালা (মধ্যপাড়া) এলাকার দলিল লেখক জাহাঙ্গীর হোসেনের সেমিপাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইসব ঘরে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বসবাস করতেন।
স্থানীয়রা জানান, রাতের ওই সময়ে ভাড়াটিয়ারা রান্না করছিলেন। হঠাৎ একটি ঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৪২টি ঘর এবং ঘরে থাকা সকল আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন জানান, কারখানা ছুটি শেষে ভাড়াটিয়ারা রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, “রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”



