Sunday, September 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

আশুলিয়ায় মহাসড়কে টায়ারে আগুন দিয়ে পালালো দুর্বৃত্তরা

জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ঌটার দিকে মহাসড়কের বাড়ৈপাড়া জুম্মাঘর সংলগ্ন তানজিলা টেক্সটাইল কারখানার সামনে চন্দ্রামুখী লেনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে একটি পিকআপ থামিয়ে কয়েকজন মিলে একটি টায়ারে আগুন ধরিয়ে তা মহাসড়কে ফেলে দেয়। মুহূর্তের মধ্যেই তা দাউ দাউ করে জ্বলতে শুরু করলে সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

টায়ারে আগুন ধরানোর পর পরই তারা দ্রুত দক্ষিণ দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পানি এনে আগুন নিভিয়ে ফেলে ও  মহাসড়ক থেকে বর্জ্য সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। 

স্থানীয় এক বিএনপি নেতা শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রুবেল শেখ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি রাস্তায় টায়ার জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় পানি ঢেলে আগুন নেভানো হয় ও রাস্তা পরিষ্কার করা হয়। 

“ওইসময় দেওয়া স্লোগান ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে এই বিশৃঙ্খলার সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, বর্তমানে উক্ত রুটে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

   

About

Popular Links

x