Sunday, September 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়লো বসতবাড়ির ৪৫টি কক্ষ

রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পিএম

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির ৪৫টি কক্ষ ও ভেতরের আসবাবপত্র পুড়ে গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দলিললেখক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের আধাপাকা বাড়িতে প্রথমে আগুন লাগে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও তা দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজেন্দ্রপুর ও মাওনা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত না হলেও বাড়ির ৪৫টি কক্ষ ও সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু সায়েম বলেন, “দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।“

তিনি জানান, এলাকার সড়ক প্রশস্ত না হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছাতে সমস্যায় পড়ে, যার ফলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে।

   

About

Popular Links

x