হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি শৌচাগারের কমোডের ট্যাংক থেকে ৪ দশমিক ২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উদ্ধার হওয়া এই পেস্টের আনুমানিক বাজারমূল্য সাড়ে সাত কোটি টাকার মতো হতে পারে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিমানবন্দর শাখার এ-শিফটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালায়। এ সময় কাস্টমস হলের ১ নম্বর বেল্ট-সংলগ্ন শৌচাগারের কমোডের ট্যাংক থেকে পলিথিনে মোড়ানো ডিম আকৃতির আটটি প্যাকেট উদ্ধার করা হয়।
প্যাকেটগুলো ট্যাংকের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং তাৎক্ষণিকভাবে এর কোনো দাবিদার পাওয়া যায়নি। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেটগুলো কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে নিয়ে খোলা হয়, যেখানে মোট ৪ দশমিক ২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়।
কর্মকর্তারা জানান, পেস্ট থেকে সোনা আলাদা করে এর প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণে নিবন্ধিত স্বর্ণকারের মাধ্যমে প্রক্রিয়া চলছে। প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে সঠিক পরিমাণ, বিশুদ্ধতা ও মূল্য নিশ্চিত হওয়া যাবে।
বিমানবন্দরে এভাবে সন্দেহজনকভাবে সোনার পেস্ট রেখে যাওয়ার সঙ্গে জড়িতদের শনাক্তে ঘটনাটি তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।



