বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও তিনজন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদরের ঠেঙ্গামারা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।

জানা গেছে, সোমবার সকালে পাঁচজন যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলো। 

হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত হোসেন নামে দুই যাত্রীর মৃত্যু হয়। এতে আহত হন অটো রিকশাচালকসহ মোট তিনজন। 

দুর্ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হাইওয়ে পুলিশ বগুড়ার কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই নিহত দু’জনের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এছাড়া আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও জানান, আহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ হতাহতদের শনাক্ত ও তাদের পরিচয় নিশ্চিত হতে কাজ করছে। এ বিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।