ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের মাঝেই এবার বাজারে বেড়েছে প্যাকেটজাত তরল দুধের দাম। দেশের বাজারে প্রায় সবকটি পরিচিত ডেইরি ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম এক লাফে লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড 'মিল্কভিটা'র এক লিটারের প্যাকেটজাত দুধের বর্তমান খুচরা মূল্য দাঁড়িয়েছে ১১০ টাকায়। গত মাসেই পণ্যটিতে লিটারপ্রতি ১০ টাকা বাড়ানো হয়েছিল। এক লিটার প্যাকেটের পাশাপাশি আধা লিটারের প্যাকেটেও প্রভাব পড়েছে; সেখানে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।
অন্যদিকে, ফার্ম ফ্রেশ, আড়ং এবং প্রাণ ডেইরির মতো অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডের আধা লিটার প্যাকেটজাত তরল দুধ বর্তমানে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এ ছাড়া এসব ব্র্যান্ডের এক লিটারের প্যাকেটের দাম বেড়ে ১১০ থেকে ১১৫ টাকায় ঠেকেছে।
দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, পশুখাদ্যের দাম বৃদ্ধি থেকে শুরু করে দুধ সংগ্রহ, প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ এবং পরিবহন খরচে অভূতপূর্ব বৃদ্ধির কারণেই দুধের উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ক্রমাগত বাড়তে থাকা উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতেই বাধ্য হয়ে এই নতুন মূল্য নির্ধারণ করতে হয়েছে।