রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। একপর্যায়ে বাড়ির উত্তর-পশ্চিম পাশে একটি ইউক্যালিপটাস বাগানে নুরুল ইসলামকে দেখতে পান তিনি।
এরপর বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ পান তিনি। দরজা খুলে কান্নারত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করলে শিশুটি অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ জানায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নুরুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সোমবার (২১ সেপ্টেম্বর) শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, অভিযোগের ভিত্তিতে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করেছেন। মামলার প্রেক্ষিতে তাকে আদালতে পাঠানো হয়েছে।