Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গাজী নজরুল আটক, স্ত্রী মাকসুদা গ্রেপ্তার

এর আগে, ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

জামায়াতে ইসলামী দল থেকে বহিষ্কার হওয়া সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আটক হয়েছেন।দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তেজগাঁ বিভাগের উপকমিশনার ইবনে মিজান সংবাদমাধ্যমকে বলেন, “গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার দায়ের করা মামলায় মাকছুদা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

এদিকে, পুলিশ হেফাজতে থাকা গাজী নজরুল ইসলামকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ফজলুল করিম।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, “সংসদ সদস্য গাজী নজরুল ইসলামও এই মামলার এজাহারভুক্ত আসামি। সংসদ সদস্য হওয়ায় তার গ্রেপ্তারের বিষয়ে কিছু নিয়ম-কানুন রয়েছে। সেসব নিয়মকানুন মেনে তাকে গ্রেপ্তার দেখানো হবে।”

এর আগে, রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

জানা গেছে, গ্রেপ্তার মাকছুদা সম্পর্কে মরিয়ম খাতুনের দাদি হন। মরিয়মের আপন দাদি মাছুমা ও মাকছুদা দুই বোন। সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম মরিয়মের বাবা মাসুম বিল্লাহর আপন খালু।

পুলিশ কর্মকর্তা ফজলুল করিম জানান, মরিয়ম যে রুমে থাকতো, সে রুম থেকে তার লেখা কিছু চিরকুট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সংসদ সদস্যের এই দ্বিতীয় স্ত্রীর কোনো ফোন ছিল না। তাকে ফোন ব্যবহার করতে দিত না।

প্রসঙ্গত, রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

   

About

Popular Links

x