Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইমামকে গণপিটুনি দিয়ে চাকরিচ্যুত

চাকরি থেকে অব্যাহতির শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

বরিশালের মুলাদীতে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে (৬) ধর্ষণচেষ্টার অভিযোগে হেলাল উদ্দীন (২১) নামের এক মাদ্রাসাশিক্ষক ও মসজিদের ইমামকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে মাদ্রাসা ও মসজিদের চাকরি থেকে অব্যাহতির শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।

হেলাল উদ্দীন পটুয়াখালীর মহিপুর উপজেলার চাদলী গ্রামের বাসিন্দা। তিনি মুলাদী উপজেলার একটি মাদ্রাসায় শিক্ষক এবং রাঘুয়া শরীফ বাড়ি জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত রবিবার বেলা ১১টার দিকে মাদ্রাসার একটি কক্ষে ৬ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা চালান শিক্ষক হেলাল উদ্দীন। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরপর রবিবার রাতে এশার নামাজ শেষে স্থানীয়রা রাঘুয়া শরীফ বাড়ি মসজিদ থেকে হেলাল উদ্দীনকে আটক করেন। তাকে মুলাদী সদর ইউনিয়নের খালাশিরচর বাংলাবাজার মসজিদের দোতলায় নিয়ে গিয়ে হাত-পা বেঁধে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে রাঘুয়া শরীফ বাড়ি মসজিদের মুসল্লিরা সেখানে গিয়ে উপস্থিত হন এবং হেলাল উদ্দীনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার শর্তে উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ওই রাতেই তাকে শিক্ষকতা ও ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

মাদ্রাসার প্রধান মোহতামিম মাওলানা ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হেলাল উদ্দীনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিবার রাতেই তাকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।“

রাঘুয়া শরীফ বাড়ি জামে মসজিদের মুসল্লি আবুল কালাম হাওলাদার বলেন, “শিশুর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এশার নামাজ শেষে কয়েকজন মিলে ইমামকে ধরে নিয়ে যান। পরে খালাশিরচর বাংলাবাজার দোতলা মসজিদ থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং মুচলেকা নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।“

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, শিশু ধর্ষণচেষ্টা কিংবা শিক্ষককে মারধরের ঘটনায় থানায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x